ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেট সিটি করপোরেশন এলাকার কদমতলী বাস টার্মিনাল থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জানা যায়, ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। পরে তাদের অবস্থান সিলেটে শনাক্ত করা হলে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় দুপুরে উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, চার ছাত্রী সিলেটের গোয়াইনঘাটে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মানবপাচার চক্রের খপ্পরে পড়তে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের ফিরিয়ে আনতে বালিয়াডাঙ্গী থানার একটি পুলিশ দল সিলেটে গেছে।
তবে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে, তারা বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। দিনাজপুর হয়ে বাসে সিলেটে আসে এবং বুধবার দুপুরে কদমতলী বাস টার্মিনালে অবস্থানকালে পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ছাত্রীরা ঠাকুরগাঁওয়ে ফিরলে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।