প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, কেবল বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বৃদ্ধি করলেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক, শিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাগত দক্ষতা দিয়ে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার প্রস্তুত রয়েছে, তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের সেরা চর্চা অনুসরণ করে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের ওপরও জোর দেন তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শু/সবা
নিজস্ব প্রতিবেদক: 
























