লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেনটাডল ট্যাবলেট ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ জুলাই বিকেল ও রাতে গংগারহাট, অনন্তপুর এবং দিঘলটারী বিওপির পৃথক তিনটি টহলদল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বিদ্যাবাগিস ও ভেন্নিরতল এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার শ্মশানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩৮২ পিস ভারতীয় ইয়াবা, ৫৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
১৫ বিজিবির অধিনায়ক জানান, জব্দকৃত ভারতীয় ইয়াবার সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা, ট্যাপেনটাডল ট্যাবলেটের মূল্য ৫৬ হাজার টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।
তিনি আরও জানান, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
শু/সবা
লালমনিরহাট প্রতিনিধি: 




















