ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের উচ্ছ্বাস যেন প্রাণঘাতী সংঘর্ষে রূপ না নেয়, সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থানা-পুলিশের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) এসব স্থানে নিরাপত্তা জোরদার করবে।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন হচ্ছে। এসব স্থানের তালিকা করে সংশ্লিষ্ট থানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় আয়োজকদের সঙ্গে সমন্বয় করে সেখানে পুলিশ মোতায়েন করা হবে, পাশাপাশি ডিবিও নজরদারি করবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন, খেলার আনন্দ যেন শুধুই আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে। হার-জিত খেলাধুলারই অংশ, তাই প্রতিপক্ষের সমর্থকদের প্রতিও সহনশীল আচরণ করতে হবে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে আদাবরে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে উদযাপন করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। সেই ঘটনার জের ধরে বুধবার রাতে আদাবর নবোদয় হাউজিং এলাকায় বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার তদন্তে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবির তেজগাঁও বিভাগ। গ্রেপ্তাররা হলেন নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করেন। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আহত ইউনিট বিএনপির সভাপতিও বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সবুজ বাংলা অনলাইন 






















