উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে গভীর রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। বর্তমানে আতাউল্লাহ শাহ পুলিশের রিমান্ডে রয়েছেন।
চিঠিতে বলা হয়, আতাউল্লাহ শাহর বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা অন্য পাঁচজন হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়োজিত।
পুলিশ আদালতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিনি কক্সবাজার এলাকার আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে কয়েকজন পালিয়ে গেলেও আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 






















