চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলওয়ে স্টেশন-এ লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার শেষে ৯ ঘণ্টা পর রহনপুর–রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে খুলনা থেকে আমনুরাগামী একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল পূর্ণভবা ও রহনপুর কমিউটারসহ একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। দুপুরের দিকে লাইনচ্যুত চারটি ওয়াগন উদ্ধার করে পুনরায় লাইনে তোলা হয় এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করা হয়।
আমনুরা রেলজংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোখলেসুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রহনপুর–রাজশাহী রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হবে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
























