লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়াও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে জনভোগান্তি ও হয়রানি দূরীকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা প্রদানে কোনো ধরনের ভোগান্তি সহ্য করা হবে না।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি রোধ এবং সড়কগুলো দৃষ্টিনন্দন করার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
শু/সবা























