কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর–এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী–এর সই করা বার্তায় এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত স্বার্থে নিজ বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। বিষয়টি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই এলাকায় নদীভাঙন রোধের অংশ হিসেবে বেড়িবাঁধ নির্মাণ ও গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব গাছ এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে যেতে হলে বাঁধের ওপর দিয়েই চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে যাতায়াতে অসুবিধার কথা উল্লেখ করে গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু করা হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে দাবি করেন তারা।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























