চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে চারটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ঘরবাড়ি, গবাদিপশু, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং নতুন কেনা ঈদের কাপড়সহ প্রায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্তরা হলেন শারীরিক প্রতিবন্ধী মো. শাহেদ (৪০), তার দুই ভাই নুর আমিন (৪৫) ও নুর আজিজ (৪০) এবং মো. হান্নান। তাদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং বসতঘরের সব মালামাল ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, সকালে একটি শিশু রান্নাঘরে চুলায় রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সরু রাস্তার কারণে পানিবাহী একটি গাড়ি প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত মো. শাহেদ বলেন, হঠাৎ আগুন দেখে তিনি হতভম্ব হয়ে যান এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করলেও ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
নুর আজিজের স্ত্রী সুমি আক্তার জানান, ঈদের জন্য কেনা বাচ্চাদের কাপড়সহ কিছুই বের করতে পারেননি, বর্তমানে অন্যের দেয়া কাপড়েই দিন কাটছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা।
শু/সবা




















