জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে এ ভূমিকম্প সংঘটিত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এটি সমুদ্রের তলদেশে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে আঘাত হানলেও এর কম্পন রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর ১০ ফুটেরও বেশি উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিশেষ করে উঁচু জায়গা বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সুনামির ঢেউ একাধিকবার আঘাত হানতে পারে। তাই সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ যেন উপকূল বা নদীতীরবর্তী এলাকায় ফিরে না যায়।
উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে হোক্কাইডো এবং ইওয়াতে প্রিফেকচার-এর কিছু অংশকে চিহ্নিত করা হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এ কোনো অস্বাভাবিকতা দেখা গেছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























