ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর খাল পুনঃখনন কর্মসূচি ও জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান কভারেজে সাংবাদিকদের ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী-এর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের সুবিধার্থে স্থানীয় সাংবাদিকদের জন্য ডিউটি পাসের ব্যবস্থা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন সাংবাদিককে এ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।
সাংবাদিকদের দাবি, কর্মসূচি শুরুর কয়েকদিন আগে থেকেই তারা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন। তবে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় প্রেসক্লাব ত্রিশালের সদস্যসহ প্রায় ২০ জন সাংবাদিক ডিউটি পাস থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন।
প্রেসক্লাব ত্রিশালের সহ-সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন বলেন, “প্রধানমন্ত্রীর কর্মসূচি কভারেজের জন্য দায়িত্ববোধ থেকে আমরা আগেভাগেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। ইউএনওর সঙ্গে কয়েকদিন ধরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার হোয়াটসঅ্যাপ বার্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর পরামর্শে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও শাখায় সরাসরি যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি ত্রিশাল ইউএনওর মাধ্যমেই সম্পন্ন হবে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।” তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, “আমরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে থাকি। আমাদের ধারণা, প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন। সে কারণেই হয়তো ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ডিউটি পাস প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মনে করি।”
জানা গেছে, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক সময়ের আলো, দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক জনকণ্ঠ, দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক জনবানী, The Bangladesh Today, খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ডিউটি পাস না পাওয়ার অভিযোগ করেছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট সাংবাদিকরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন এবং সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
শু/সবা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: 



















