স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সারা দেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি শুধু নারীদের জন্য ১ হাজার ৫০০ শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) আয়োজিত অনুষ্ঠানে ১০টি জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নারীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার, স্তন ক্যানসারের চিকিৎসা, প্রসূতি সেবা এবং সাধারণ চিকিৎসা সুবিধা থাকবে। এছাড়া নতুন হাসপাতালগুলোতে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে ৮০ হাজার নারী হবেন। পাশাপাশি হাসপাতালগুলোতে আধুনিক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার সক্ষমতা বাড়ানো হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে চলতি বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে হাসপাতাল পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ ও কালো হাঁড়িপাতিল দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
সবুজ বাংলা অনলাইন 





















