সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে সরকার আশা করছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “গতকালের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই। তবে সরকারের প্রধান কাজ শুধু নিন্দা জানানো নয়, বরং ঘটনার তদন্ত করা এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।”
তিনি জানান, সরকার অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
তথ্য উপদেষ্টা বলেন, “ঘটনার তো এখনো ২৪ ঘণ্টা হয়নি। সব সময় সবকিছু দ্রুত হয়ে যায় না। একটি প্রক্রিয়া রয়েছে। তদন্ত হবে, বিভিন্নভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সরকার অবশ্যই জড়িতদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সেটি একটি রাজনৈতিক বক্তব্য। একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে এমন বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে।
তিনি বলেন, “নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একটি রাজনৈতিক দলের প্রধান। তবে তার কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।”
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
নিজস্ব প্রতিবেদক: 























