ঢাকা-১৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বিরোধীদল মিলে চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, যদি কেউ জুলুমের শিকার হয়, আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো।
ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, এতিমদের এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
সাংবাদিকদের স্বাধীনতার উপর আঘাত নিয়ে তিনি বলেন, সম্প্রতি ‘এখন টিভি’র চার সাংবাদিক চাকরি হারিয়েছে, এটি নিঃসন্দেহে স্বাধীনতার উপর নির্লজ্জ আঘাত। সরকারের কাছে আশা রাখবো তাদের পুনর্বহাল করা হবে, নইলে একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতারা।
শু/সবা




















