চিকিৎসকরা দায়িত্ব অনুযায়ী সঠিকভাবে সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিন গিয়ে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী যে নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করা হবে। তিনি স্পষ্ট করে জানান, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা যাচাই করতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিদর্শন করা হবে।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসাসেবায় সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। মন্ত্রণালয়ের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য হবে—যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসচিব বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ থাকায় অনেক ক্ষেত্রে জনগণ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এসব শূন্য পদ পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মেডিকেল শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
শু/সবা
























