জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ সংসদের অষ্টম অধিবেশনে পাস হওয়া এই আইনে ‘গুম’কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা মনে করেন সরকার গুমের বিচার চায় না, তাদের উচিত নতুন আইনটি ভালোভাবে পর্যালোচনা করা।
আইনমন্ত্রী বলেন, সরকার গুমের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। নতুন সংশোধনের ফলে এখন থেকে গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় করা হবে।
তিনি আরও জানান, এই আইনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, এর আগে সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস হয়।
শু/সবা
























