দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকায় এক তরুণ কৃষি উদ্যোক্তার রোপিত ৪০০টি পেঁপে চারা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইমাম হোসেন জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার রোপণ করা চারা তুলে নিয়ে যায়। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
জানা যায়, ইমাম হোসেন তার জমিতে ৮৬ শতাংশ জায়গাজুড়ে পেঁপেসহ বিভিন্ন জাতের ফলের চারা রোপণ করেছিলেন এবং পাশাপাশি নানা ধরনের সবজি চাষ করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একজন তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত।
ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি অফিস, দাগনভূঞা-এর কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি উৎপাদনের মাধ্যমে তিনি এলাকার প্রান্তিক মানুষের উপকার করে আসছিলেন। তবে মাত্র এক মাস বয়সী পেঁপে চারার এমন ক্ষতিতে তিনি গভীরভাবে হতাশ।
তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের অবহিত করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
শু/সবা






















