রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতা রাশেদ প্রধান-এর বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে সরিয়ে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
একাধিক সূত্র জানায়, সম্প্রতি তারেক রহমান-কে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে। তার বক্তব্যে কটূক্তির অভিযোগ ওঠায় এর প্রতিবাদে তার বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন একদল মানুষ।
এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে রাশেদ প্রধানের পিএস জনি নন্দীর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া-পাল্টা ধাওয়ার উপক্রম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজনা প্রশমনে জনি নন্দীকে সেখান থেকে সরিয়ে নেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে ঘিরে এই ঘটনার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জনি নন্দী হঠাৎ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শু/সবা
























