শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউট-এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করে এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। “শিক্ষায় উৎসাহ দেওয়ার কোনো প্রক্রিয়াই আমরা বাদ দিতে চাই না,” যোগ করেন তিনি।
সরকারি ও বেসরকারি কোটার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি অন্তর্বর্তী সরকারের নীতিমালার অংশ। বর্তমান নীতিমালার আলোকে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু আগে এ ধরনের পরীক্ষা বন্ধ ছিল, তাই তা বাতিল না করে চালু রাখা হয়েছে।
সরকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
শু/সবা


























