জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে রংপুরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। ফিলিং স্টেশনের লাইনে রেখে যাওয়া একটি মোটরসাইকেলের মালিকের খোঁজ মিলছে না টানা ১২ দিনেও।
রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশন-এ গত ৫ এপ্রিল তেল নিতে এসে একটি মোটরসাইকেল লাইনে রেখে যান এক চালক। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি।
স্টেশন সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি TVS Motor Company-এর মেট্রো প্লাস মডেলের, যার নম্বর রংপুর মেট্রো-হ ১১-০৫৭২। ১২ দিন অতিবাহিত হলেও মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম জানান, তেল নেওয়ার জন্য লাইনে মোটরসাইকেলটি রাখা হলেও চালক সেখানে উপস্থিত ছিলেন না। পরে দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ না আসায় অন্য গ্রাহকদের সুবিধার জন্য সেটি সরিয়ে রাখা হয়। রাত পার হয়ে পরদিনও একই অবস্থায় থাকায় সেটিকে পাহারাদারের জিম্মায় রাখা হয়।
আরেক কর্মী বিপ্লব ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে মোটরসাইকেলটি এমন স্থানে রাখা হয়েছিল, যা ক্যামেরার আওতার বাইরে ছিল।
ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলটি নিয়ে তারা বিব্রত অবস্থায় আছেন। প্রকৃত মালিককে খুঁজে পেতে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
এদিকে, লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য চালকরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ায় অনেকেই চরম বিরক্ত হয়ে পড়ছেন। তাদের ধারণা, হতাশা থেকেই হয়তো ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে চলে গেছেন।
রংপুর পেট্রোল পাম্প ডিলার এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু বলেন, প্রতিদিন চাহিদার তুলনায় অর্ধেকেরও কম জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে। অন্য জেলাগুলোতে তেল না থাকায় সেখান থেকেও চালকরা রংপুরে আসছেন, ফলে সংকট আরও তীব্র হচ্ছে।
সার্বিকভাবে, জ্বালানি সংকট শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং এমন অস্বাভাবিক ঘটনাও সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শু/সবা






















