পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিজয়ের পর অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। একই সঙ্গে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাই কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন একটি চলমান প্রক্রিয়া এবং এতে বাংলাদেশের সহযোগিতা অপরিহার্য। তার ভাষায়, “এই কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের সহযোগিতা দরকার।”
ভারতের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ২ হাজার ৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাই আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে, যেগুলোর কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
মুখপাত্র আরও বলেন, এসব যাচাই দ্রুত সম্পন্ন হলে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কার্যকর হবে।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে “পুশব্যাক” ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে ভারতের পক্ষ থেকে এই মন্তব্য আসে।
অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে আশা প্রকাশ করে বলেন, সীমান্তে এমন ঘটনা না ঘটাই কাম্য এবং পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সীমান্ত ও অভিবাসন ইস্যু ঘিরে কূটনৈতিক আলোচনার নতুন চাপ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও আলোচনার দাবি রাখে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























