শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
সোমবার পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, “দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।”
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবারের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের বিষয়টিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরে। দলটি অভিযোগ করে, সীমান্ত নিরাপত্তা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পায় দলটি।
৫৫ বছর বয়সী শুভেন্দু অধিকারী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে আলোচনায় আসেন।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























