হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২১ মে অনুষ্ঠিত আবাসন ও শৃঙ্খলা বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. আবু হাসান স্বাক্ষর করেন।
অফিস আদেশ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে শহীদ আবরার ফাহাদ হল–এর শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হল–এ হামলা চালায়। এ সময় হলের নামাজঘর, সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র ও অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, আগের বিরোধের জেরে প্রথমে স্কুল মাঠে খেলা দেখার সময় নূর হোসেন হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে পাল্টাপাল্টি হামলার জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
শু/সবা
হাবিপ্রবির প্রতিনিধি 

























