তারেক রহমান বলেছেন, শিশু রামিসা হত্যাকাণ্ড মানুষের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের প্রমাণ। সরকার কোনোভাবেই শিশু ও নারী নির্যাতন মেনে নেবে না। আগামী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, “সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ শিশু বা নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ করার সাহস না পায়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জীবন ও কর্ম বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবনদর্শন পৌঁছে দিতে হবে।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি ত্রিশাল–কে “নজরুল সিটি” ঘোষণা করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, “আসুন, জাতীয় কবির জন্মদিনে অন্যায়-অবিচার, ক্ষুধা-দারিদ্র ও সব ধরনের গ্লানি দূর করার প্রত্যয় গ্রহণ করি এবং একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের নিবেদিত করি।”
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















