২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য শিরোপাজয়ী দলগুলোর মূল্যায়ন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই তারকা ফুটবলার মনে করেন, এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার ব্রাজিল।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ব্রাজিল সবসময়ই বিশ্বকাপের অন্যতম ফেবারিট। সাম্প্রতিক সময়ে দলটি হয়তো সেরা ছন্দে ছিল না, তবে বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা তুলে ধরার সামর্থ্য তাদের রয়েছে। পাশাপাশি ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো অনেক প্রতিভাবান ফুটবলারও ব্রাজিল দলে আছে।
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেন মেসি। তার মতে, অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের অধীনে দলটি আরও ভারসাম্যপূর্ণ ও সংগঠিত হয়ে উঠেছে। আনচেলত্তির কৌশল ও অভিজ্ঞতা ব্রাজিলকে এবারের বিশ্বকাপের অন্যতম বড় শক্তিতে পরিণত করেছে।
ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন ও পর্তুগালকেও শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন মেসি। তার মতে, এসব দল টুর্নামেন্টের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছে এবং বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে।
নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মেসি কিছুটা সতর্ক অবস্থান নেন। তিনি জানান, আর্জেন্টিনা দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট ও ফিটনেস সমস্যা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে বড় আসরে খেলার অভিজ্ঞতা, দলীয় ঐক্য এবং মানসিক দৃঢ়তাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।
বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মেসি বলেন, ২০২৬ সালের আসরটি অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে। বড় মঞ্চে যেকোনো দলই চমক দেখাতে পারে, তাই কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সফল হতে হলে প্রতিটি ম্যাচে সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিতে হবে।
উল্লেখ্য, ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ব্রাজিল এবার কার্লো আনচেলত্তির নেতৃত্বে মাঠে নামবে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে লড়বে। ফলে ২০২৬ বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ও উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।
Reporter Name 

























