গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে রুদ্ধশ্বাস সেমিফাইনালে নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা দলটি ২৩ মিনিটে এগিয়েও যায়। কর্নার থেকে পাওয়া বলে গীতা রানা গোল করে নেপালকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর প্রথমার্ধের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। যোগ করা সময়ে কর্নার কিক থেকে সরাসরি দুর্দান্ত এক গোল করে তিনি স্কোরলাইন ১–১ করেন।
দ্বিতীয়ার্ধে নেপাল একাধিক আক্রমণ চালালেও বাংলাদেশের গোলরক্ষক মিলি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন। অন্যদিকে বাংলাদেশেরও কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও গোল আসছিল না।
৭৮ মিনিটে সাগরিকার সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল। তবে কাছ থেকে নেওয়া তার শট নেপালের গোলরক্ষক প্রতিহত করেন।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১–১ সমতায় থাকলেও নাটকীয়তা অপেক্ষা করছিল যোগ করা সময়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সাগরিকা দারুণ এক গোল করে বাংলাদেশকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন।
শেষ পর্যন্ত সেই গোলই হয়ে ওঠে জয়সূচক। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ নারী ফুটবল দল।
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 
























