রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমান হোসেন মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























