পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষা বুকে ধারণ করে রাজধানীর হাতিরঝিল এলাকার এক হাজার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা সাইফুল আলম খান মিলন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং পশ্চিম থানা আমীর মোঃ নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে রমজানের উপহার তুলে দেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“রমজান হলো সহমর্মিতা ও ত্যাগের মাস। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, তাদের মুখে হাসি ফোটানো এবং অভাব লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারেন। সমাজের সামর্থ্যবান সবারই উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।”
হাতিরঝিল থানার অন্তর্গত বিভিন্ন এলাকার ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মানসম্মত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজানে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোর লক্ষ্যেই এই বিপুল পরিমাণ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, পশ্চিম থানা সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ। এছাড়াও স্থানীয় শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
শু/সবা

























