দ্রুত সময়ের মধ্যেই নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।
সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক অভিযোগ করেন, চেয়ারম্যানকে অপসারণের পর তাদের দাবির বিষয়টি বিবেচনা না করে বাংলাদেশ ব্যাংক একতরফাভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, ব্যাংক আইনে আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক। তাই তাদের স্বার্থ সংরক্ষণ ও আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, ব্যাংকের তারল্য সংকট কাটাতে ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকার সহায়তা পাওয়া গেছে। এছাড়া গ্রাহকদের আমানত ফেরত নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত আড়াই হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। ফলে মোট ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক।
সবুজ বাংলা অনলাইন 

























