বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, আর তিনটি গোলই এসেছে মেসির পা থেকে।
ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপ ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও-কে ছাড়িয়ে বিশ্বকাপে ১৬ গোলের রেকর্ডে পৌঁছে গেছেন এবং স্পর্শ করেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা-র সর্বোচ্চ গোলের রেকর্ড। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন তিনি।
মেসির এই অনবদ্য পারফরম্যান্সে শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নয়, মুগ্ধ হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরাও। সেই তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।
ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও মেসির খেলা দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আর্জেন্টিনার জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বুবলী লিখেছেন, “এই মানুষটা এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক। দল যার যার, কিন্তু মেসি সবার।”
ব্রাজিলের সমর্থক হয়েও মেসির প্রতি এমন প্রশংসা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীদের অনেকেই বুবলীর এই মন্তব্যকে খেলোয়াড়সুলভ মানসিকতার উদাহরণ হিসেবে দেখছেন।
শু/সবা
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























