জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় স্পিকার জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশের বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন।
স্পিকার বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের প্রশংসা করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম ছিল বলে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের জনগণের আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা। তিনি জানান, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
রাষ্ট্রদূত আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হিসেবে মূল্যায়িত হয়েছে। নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশে জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পেয়েছে।
সাক্ষাৎকালে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 






















