হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষিরা। বুধবার (১৭ জুন) দুপুরে নগরীর মডার্ন মোড় এলাকায় সড়কে আলু ফেলে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
চাষিরা অভিযোগ করেন, হিমাগার মালিকরা একতরফাভাবে প্রতি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ২৬০-২৮০ টাকা থেকে বাড়িয়ে ৪৩০-৪৫০ টাকা নির্ধারণ করেছেন। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। দাবি না মানলে লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টা থেকে শুরু হওয়া অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের অনুরোধে কৃষকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা আলু চাষি সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, চলতি বছর অসময়ে বৃষ্টির কারণে চাষিরা আগেই ক্ষতির মুখে পড়েছেন। এর ওপর সংরক্ষণ ব্যয় বেড়ে গেলে উৎপাদন খরচ কেজিপ্রতি ২৪ টাকার বেশি দাঁড়াবে, অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকায়। তিনি প্রতি বস্তা আলুর ভাড়া সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে নির্ধারণের দাবি জানান।
চাষিদের অভিযোগ, হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণে রংপুরে ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তারা দাবি করেন, মুন্সীগঞ্জে একই পরিমাণ আলুর সংরক্ষণ ভাড়া মাত্র ২৮০ টাকা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত হার অনুযায়ী সংরক্ষণ মূল্য নেওয়া হচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা হয়েছে এবং এখানে কোনো সিন্ডিকেট নেই।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, কৃষকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনা সাপেক্ষে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রংপুর ব্যুরো: 






















