রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এক রাতে ইউক্রেনের পাঠানো ৬৬০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেওয়া এ তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুল সংখ্যক ড্রোন ধ্বংসের ঘটনা বিরল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কো, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণসাগর, আজভ সাগরসহ এক ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটির গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ বলেন, শেচকিনো জেলার একটি বসতিবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে এক নারী আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে যুদ্ধ পরিচালনায় ক্রেমলিনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা যায়।
গত সপ্তাহেও ইউক্রেনের এক ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























