ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বেশির ভাগ মার্কিন নাগরিক। একই সঙ্গে চারজনের মধ্যে মাত্র একজন মনে করেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ ক্ষতির তুলনায় বেশি হয়েছে। রয়টার্স/ইপসোসের নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এসব তথ্য।
পাঁচ দিনব্যাপী পরিচালিত জরিপের কাজ শেষ হয় গত সোমবার। এতে দেখা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ওপরও ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। তাঁর প্রতি জনসমর্থন কমে ৩৪ শতাংশে নেমে এসেছে, যা দ্বিতীয় মেয়াদে অন্যতম সর্বনিম্ন।
জরিপে অংশ নেওয়া মাত্র ২৩ শতাংশ মার্কিন মনে করেন, যুদ্ধের আগে ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল, তার তুলনায় এখন দেশটি শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে ৩৫ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে দুর্বল হয়েছে।
রয়টার্স/ইপসোসের জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকই বলেছেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সার্থক ছিল না। মাত্র ২৪ শতাংশ মনে করেন, যুদ্ধের জন্য যে মূল্য দিতে হয়েছে, তার তুলনায় লাভ বেশি হয়েছে।
জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ নাগরিক বিশ্বাস করেন, ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। মাত্র ১৮ শতাংশ মনে করেন, দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা রয়েছে।
জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্রাম্পের প্রতি জনসমর্থন কমেছে। জরিপে দেখা গেছে, এ বিষয়ে তাঁর ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ২২ শতাংশ মার্কিন, যা তাঁর প্রেসিডেন্সিকালের অন্যতম সর্বনিম্ন হার।
সূত্র: রয়টার্স
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























