থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের ওপর দ্রুতগতির একটি পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু।
বৃহস্পতিবার (২ জুলাই) সংঘটিত এ দুর্ঘটনার তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশের তথ্যমতে, তীর্থযাত্রার অংশ হিসেবে ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু ও পাঁচজন সাধারণ অনুসারী সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি একটি শিশু চালাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করতে গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে শিশুটির বাবা-মাকে ডেকে পাঠানো হয়েছে, যাতে তার তত্ত্বাবধানের দায়িত্বে কারা ছিলেন এবং আইনি দায়-দায়িত্ব নির্ধারণ করা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটি অনুমতি ছাড়াই বাবা-মায়ের পিকআপ ট্রাকটি নিয়ে বের হয়েছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভিক্ষুদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় পাঁচজন ভিক্ষু ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুনারাত বলেন, এ ঘটনা সড়ক নিরাপত্তা বিষয়ে বড় ধরনের সতর্কবার্তা। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সড়ক নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এ দুর্ঘটনা দেখিয়ে দিয়েছে যে এ বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























