কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিকভাবে দলটির পতন হয়েছে এবং খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় শহিদদের রক্তের বিনিময়ে এসেছে। ৫ আগস্টের বিজয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, যুবদল ও এর অঙ্গসংগঠনগুলোর সবচেয়ে বড় ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।
শহিদদের প্রকৃত সংখ্যা নিয়ে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ শহিদের কথা উল্লেখ রয়েছে। তবে বিভিন্ন সংবাদপত্র ও জরিপে ৭০০ থেকে ৮০০ জনের তথ্য পাওয়া যায়। বাকি শহিদদের তথ্য হাসপাতালের নথিপত্র থেকে গায়েব করা হয়েছে এবং অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। ফলে আজও অনেক পরিবার তাদের স্বজনের কবরের সন্ধান পাচ্ছে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, এত বড় হত্যাকাণ্ডের পরও শেখ হাসিনা বা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা জুলাই আন্দোলনের যোদ্ধাদের অপরাধী ও জঙ্গি আখ্যা দিয়ে বিদেশে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং দলটি কার্যত রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে। বাংলাদেশের মাটিতে তাদের আর রাজনীতি করার সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আবেদন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংক্রান্ত আইনের সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার করার আইনি ভিত্তি তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনা হবে।
শু/সবা
নিজস্ব প্রতিবেদক: 























