জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আন্দোলনের বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই দিবাগত রাতে জাতীয় শহিদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের বাইরে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা আয়োজন করা হবে।
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশেষ কর্মসূচি এবং ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্স, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে।
২২ জুলাই দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সারা দেশে জুলাই-আগস্টের শহিদদের কবর জিয়ারত, শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করা হবে।
মাসব্যাপী কর্মসূচির সমাপনী হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহিদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের দাবি, এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান উপস্থিত থাকবেন।
নিজস্ব প্রতিবেদক: 





















