ইরান যুদ্ধকে কেন্দ্র করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটোতে স্পেনকে ‘ভয়ানক অংশীদার’ বলেও মন্তব্য করেন তিনি।
জানা গেছে, গত মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এমনকি মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল দেশটি। ওই ঘটনার জেরেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।
ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার ধারণা, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে।’
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের ৮০টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এসব হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকম আরও জানায়, আন্তর্জাতিক বাণিজ্যপথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমাতে হরমুজ প্রণালি ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। তবে ইরান এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























