গাজা উপত্যকার শাসনকাজে নিয়োজিত নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রায় ২০ বছর গাজা শাসনের পর সোমবার (৬ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সুগম হলো।
হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে গাজা পরিচালনাকারী প্রশাসনিক কমিটি ভেঙে দিয়ে একটি বেসামরিক টেকনোক্র্যাট কমিটির হাতে শাসনভার হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটিই হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন।
গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি বারবার জানিয়েছে, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে হামাসের নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে কমিটির কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হবে। গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার আরও পরে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
হামাসের আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটি ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক উপদলকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উপদলগুলো হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।
হামাসের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথ–এর নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)–এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হয়েছে।
সূত্র: এএফপি
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























