শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ মোড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের এ অভিযানের পর মুহূর্তেই শাহবাগ মোড় প্রায় জনশূন্য হয়ে পড়ে। এ সময় আন্দোলনকারীরা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে দৌড়ে সরে যান।
জানা গেছে, বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে জড়ো হন। পরে রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পাশাপাশি ধাওয়া দিলে আন্দোলনকারীরা কাঁটাবনের দিকে সরে যান।
এদিকে বর্তমানে শাহবাগ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শু/সবা
স্টাফ রিপোর্টার, ঢাকা 

























