রাজনৈতিক পটপরিবর্তনের প্রত্যাশা আর উৎসবমুখর পরিবেশে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এখন কৌতূহল— কে কোথায় ভোট দেবেন শীর্ষ নেতারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে আসা তারেক রহমান এবার সরাসরি নির্বাচনী নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। কেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে—
ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,
মির্জা আব্বাস শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে,
বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,
ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,
আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।
এছাড়া—
সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে,
ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে,
হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে,
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে বিএনপি নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন এবং ভোটের দিন সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন।
শু/সবা






















