মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সমর্থন বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এবং প্রভাবশালী প্রক্সি বাহিনীকে কমাতে চাপ প্রয়োগের আহ্বান জানাবেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নেতানিয়াহু বলেছেন, “আমি প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে আমাদের অবস্থান পরিষ্কারভাবে উপস্থাপন করব।”
ইরান ইতোমধ্যেই জানিয়েছে যে, তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা করতে রাজি, তবে ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনী সমর্থন বন্ধ করার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সতর্ক করেছেন, তেহরান কোনো অযৌক্তিক বা বাড়াবাড়ি শর্ত মেনে চলবে না।
এটি ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে ষষ্ঠ সফর, যা অন্যান্য কোনো বিদেশি নেতার চেয়ে বেশি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠক করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নীতিমালার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
শু/সবা
























