দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার (২২ ফেব্রুয়ারি)ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ–এর দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ–এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়–এর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে বরিশাল বিভাগের প্রায় সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
শু/সবা


























