চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় আইজিপি বাহারুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক ব্যবসার মাধ্যমে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাড় না দিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, “যেকোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে।” এ লক্ষ্যে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
শু/সবা























