ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী ১২ মার্চ সংসদের যাত্রা শুরুর আগে ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবার নির্বাচিত হয়েছেন। এমনকি মন্ত্রিসভার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
কী থাকছে কর্মশালায়
সূত্র জানায়, নতুন সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় বিধি-বিধান, কার্যপ্রণালি এবং মন্ত্রণালয় পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা কম থাকায় কর্মশালায়—
সংসদের কার্যপ্রণালি ও আচরণবিধি
বিল প্রণয়ন ও পর্যালোচনার পদ্ধতি
বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ
সংসদে উপস্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই-বাছাই
সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে অংশগ্রহণ
পয়েন্ট অব অর্ডার উত্থাপনের নিয়ম
আর্থিক শৃঙ্খলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয়
ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতাও নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন। মূল লক্ষ্য—সরকার পরিচালনায় দক্ষতা বৃদ্ধি।
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় উন্নয়ন তদারকি, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।
৬ মার্চ প্রথম দিনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেল আড়াইটায় শুরু হওয়া দ্বিতীয় সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন।
৭ মার্চ সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সদস্যরা অংশ নেবেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, ৭ মার্চ বিকেল আড়াইটার মধ্যে তাকে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন পর্যন্ত কর্মশালার নির্দিষ্ট এজেন্ডা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
তবে দলটির একাধিক সূত্র বলছে, একজন সংসদ সদস্যের দায়িত্ব ও কর্তব্য, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে উপস্থাপন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির বিষয়েও কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















