শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে দেশের পাঠ্যক্রম ও কারিকুলাম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৮ মার্চ) ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুজানা ভাইস-এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করা হবে। তিনি বলেন, “শুধু অর্থ ব্যয় করাই লক্ষ্য নয়, বরং সেই ব্যয়ের উপযোগিতা ও কার্যকারিতা নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
বৈঠকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় দেশের শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাধ্যতামূলক একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।
শু/সবা






















