সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয়, তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের নয়।
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। এ বিষয়ে সংসদে আলোচনা হবে এবং সংবিধান সংশোধনের পরই প্রয়োজনীয় কাঠামো ও শপথ গ্রহণের বিষয়টি নির্ধারিত হবে।
মন্ত্রী আরও জানান, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন।
শু/সবা

























