ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না বলে জানা গেছে।
সম্প্রতি সহকর্মী অভিনেতা এমকেএইচ পামির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে শেলীর শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, শেলী এতটাই অসুস্থ যে দাঁড়ালেই তার পুরো শরীর কাঁপে এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম।
পামির আরও লেখেন, তাদের দুজনেরই গ্রামের বাড়ি পাবনা জেলায়। ঈদের সময় তিনি শেলীকে দেখতে যান এবং সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হন। তিনি উল্লেখ করেন, শেলী তাকে জড়িয়ে ধরে জানান, অসুস্থ হওয়ার পর কেউ তাকে দেখতে আসেনি, তাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন।
পামির শেলীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও অনলাইন প্ল্যাটফর্মে অভিনয় করে আসছেন। তিনি বড়পর্দাতেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’ ও ‘দ্য লাস্ট ঠাকুর’। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ‘দুই দিনের দুনিয়া’ নামের একটি কাজেও তিনি অংশ নিয়েছেন।
শু/সবা
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























