বান্দরবানের লামায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তাঁর সহযোগী মো. হৃদয় (২৮)। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানিয়েছেন, তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যাত্রাপথে তাঁদের সঙ্গে থাকা এক নারী অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য লামা উপজেলার মানিকপুর এলাকার একটি অবকাশকেন্দ্রে ওঠেন। অভিযোগ রয়েছে, কক্ষে প্রবেশের পর অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক রাশেদ ও তাঁর সহযোগী হৃদয় বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে আরও সাত থেকে আটজনকে সঙ্গে নিয়ে কক্ষে ঢুকে পর্যটকদের মুঠোফোন ছিনিয়ে নেন।
এ সময় দুই নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করা হয়। পাশাপাশি তাঁদের কানের দুল এবং ব্যাগে থাকা প্রায় ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনা কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পর্যটকদের একজন বাদী হয়ে মোহাম্মদ রাশেদ, মো. হৃদয়সহ তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রোববার সন্ধ্যায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান কামাল বলেন, মামলায় নাম উল্লেখ থাকা তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ভুক্তভোগী নারীর কানের দুল ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















