২০২৪ সালের ৫ জুলাই দাবা খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মারা যান বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার এই হঠাৎ প্রয়াণ দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলে। জিয়া পরপারে পাড়ি জমান স্ত্রী ও ছেলেকে রেখে। তাদের জন্য তেমন কিছু রেখে যাননি, যাতে তারা স্বচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। ফলে স্বাভাবিকভাবেই জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য ও ছেলে তাহসিন তাজওয়ার অনেক সমস্যায় পড়ে যান। তখন অনেকেই জিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি-আশ্বাস দিলেও বেশিরভাগই তা বাস্তবায়ন করেনি। তবে ব্যতিক্রম একটি সংস্থা। তারা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। তারা কিংবদন্তি জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে। দুই দফায় তারা জিয়া পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করেছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিওএ ভবনে বিওএর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শেফাউল কবির জিয়ার স্ত্রীর হাতে দ্বিতীয় দফার ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় জিয়ার একমাত্র ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও উপস্থিত ছিলেন।
জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সময়ে আমাদের অর্থের খুব প্রয়োজন ছিল। বিওএ’র এই অর্থ তাহসিনের শিক্ষা ও খেলার জন্য খুব কাজে আসবে। বিওএকে ধন্যবাদ আমাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য।’
বিওএ’র ১০ লাখ ছাড়া ক্রিকেটার তামিম ইকবাল ৫ লাখ, ক্রিকেট বোর্ড তাহসিনের খেলার জন্য দুই দফায় বিশ লাখ, আর ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ২ লাখ টাকা পেয়েছিল জিয়ার পরিবার। জিয়ার স্ত্রী এই সহায়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি স্থায়ী ও বড় সহায়তা প্রত্যাশী, ‘অনেক ক্রীড়াবিদ সরকার থেকে জমি, ফ্ল্যাট বা বড় অঙ্কের সহায়তা পায়। জিয়ার ক্রীড়াঙ্গনে যে অবদান এরকম কিছু পেলে আমার তাহসিনের জন্য একটু স্বস্তি হতো।
আরকে/সবা


























